×

পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে যুবদল নেতাকর্মীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

পঞ্চগড় প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পঞ্চগড়ে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।
আজ শনিবার দুপুরে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।
এ সময় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ মামুন রনিক, জেলা বিএনপি নেতা ইউনুস শেখসহ যুবদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে নেতাকর্মীরা হাতে ঝাড়ু, গ্লাভস ও মাথায় ক্যাপ পরে জেলা বিএনপির কার্যালয় থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। এ সময় তাঁরা শহরের বিভিন্ন সড়কের ময়লা-আবর্জনা সংগ্রহ করে বালতিতে রাখেন। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়ে কর্মসূচি শেষ করেন।
কর্মসূচি শেষে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু ও জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি শহরের প্রধান সড়কগুলো পরিষ্কার করে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিয়েছেন নেতাকর্মীরা।