

বগুড়া প্রতিবেদক
বগুড়ায় অসুস্থ স্বজনকে হাসপাতালে নেওয়ার পথে এবং মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার সময় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।
আজ সোমবার ভোর সোয়া ৪টার দিকে বগুড়া শহরের ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের রামপুর গ্রামের মজনু মেম্বারের ছেলে শফিকুল (৪০), একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আরাফাত (৪০) এবং কাহালুর বানদিঘী এলাকার খাদিজা (৫১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার দিবাগত রাতে পাইকড় ইউনিয়নের বাসিন্দা আশরাফুল স্ট্রোক করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করতে তার ভাই নজরুল, ভাতিজা আরাফাত, প্রতিবেশী রফিকুল ও সাপিকুল ওরফে শফিকুল একটি সিএনজি চালিত অটোরিকশায় করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। ভোর সোয়া ৪টার দিকে তারা হাসপাতালের গেটে প্রবেশের সময় একটি নাইট কোচ বাস সিএনজিটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শফিকুল ও আরাফাত নিহত হন। এ ঘটনায় আহত হন আশরাফুল, রফিকুল ও নজরুল। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত আশরাফুলকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
এ প্রসঙ্গে পাইকড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ বলেন, হতাহতরা তার স্বজন ও প্রতিবেশী। আহত তিনজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে আশরাফুলের অবস্থা ভালো নয়। তাকে আইসিইউতে রাখা হয়েছে।
এদিকে, সোমবার সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় পৃথক দুর্ঘটনায় খাদিজা (৫১) নামে এক নারী নিহত হয়েছেন। শাজাহানপুর থানা পুলিশ জানায়, খাদিজা এক স্বজনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে কাহালুর দিকে নিয়ে যাচ্ছিলেন। পথে রানীরহাট এলাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খাদিজা নিহত হন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ রইস উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ায় নিহত দুজনের নাম ঠিকানা নিশ্চিত হতে কিছুটা সময় লেগেছে। পরে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া রানীরহাটে পৃথক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
