

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হামিদুল শেখ পাঁচবিবি উপজেলার শন্তাদিগর গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ দুপুরে ওই স্কুলছাত্রী বাড়ির আঙিনায় ঝাড়ু দেওয়ার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী হামিদুল শেখ তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ রয়েছে।
ঘটনার প্রায় পাঁচ মাস পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে এবং গর্ভবতী হওয়ার বিষয়টি জানাজানি হলে পরিবার ঘটনাটি জানতে পারে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২০২৫ সালের ১৯ আগস্ট পাঁচবিবি থানায় মামলা করেন।
মামলা তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারকালে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত হামিদুল শেখকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট রিনাত ফেরদৌসি রিনি। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট হেনা কবীর।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী রিনাত ফেরদৌসি রিনি বলেন, দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় দিয়েছেন। এ রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
