

বগুড়া প্রতিবেদক
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতি বিজড়িত বগুড়া সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় বিগত ১৮ বছর যাবত উন্নয়ন বঞ্চিত ছিল। এই প্রতিষ্ঠান বগুড়া শহরের একদম প্রবেশ মুখে হলেও আজও অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে বঞ্চিত। গণমানুষের দীর্ঘ বছরের দাবির প্রেক্ষিতে অতি দ্রুত এই প্রতিষ্ঠানকে সরকারি করনের উদ্যোগ নেয়া হবে। এ বিষয়ে মহান সংসদে অবশ্যই প্রস্তাব করা হবে।
আজ রোববার দুপুরে বগুড়া মহানগরীর সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন এমপি।
তিনি আরো বলেন, দীর্ঘদিনের ঐতিহ্য ও শিক্ষা বিস্তারে গুররুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিদ্যালয়টি। শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন ও সরকারি করণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজার রহমান বিদ্যুৎ, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, শহর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক হোসেন আলী, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব সোহাগ হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকবৃন্দ যথাক্রমে হযরত আলী ও আব্দুস সামাদ, সহকারী শিক্ষকবৃন্দ যথাক্রমে খালেদ মাহমুদ, কবির উদ্দিন, গোলক কুমার দাস, আবু বক্কর সিদ্দিক, দেবাশীষ রায়, সোহেল রানা, করুণা রানী পাড়ুই প্রমুখ।
অনুষ্ঠানে অত্র স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি যুবনেতা আবু হাসান বলেন, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়টি এলাকার শিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে গুররুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়টি সরকারি হলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা উন্নত শিক্ষার সুযোগ পাবে। নবনির্মিত প্রধান ফটক উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়ের সৌন্দর্য ও নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হয়েছে মর্মে জানান তিনি। এছাড়াও এর আগে শিক্ষার্থীদের সুপেয় পানি পানের সুবিধার্থে বিদ্যালয়ে আধুনিক পানি বিশুদ্ধিকরন ফিল্টার স্থাপনেরও কথা জানান তিনি। হাসান বলেন, ছোট ছোট উদ্যোগের মাধ্যমেই এই প্রতিষ্ঠান থেকে বৃহৎ সাফল্য অর্জন করা সম্ভব। তাদের অভিভাবক বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একজন স্বপ্নবাজ নেতা হিসেবে শিক্ষার বিকাশ ও প্রসারে যুগোপযোগী নানা উদ্যোগ নিয়েছেন। যেহেতু উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া শিক্ষানগরী হিসেবে পরিচিত হলেও দীর্ঘ ২০ বছরের নানা উন্নয়ন বঞ্চনার গল্প রয়েছে এই জেলার মানুষের। শাজাহানপুরের মত এত বড় একটি উপজেলাতে সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাত্র একটি। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ আরো বিস্তৃত করতে সংসদ সদস্য মোর্শেদ মিল্টন এর মাধ্যমে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়কে সরকারি করণের দাবি জানান।
