×

আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে রেলসেতুর ওপর ট্রেনে কাটা পড়ে আতাহার আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে আক্কেলপুর মহিলা কলেজের দক্ষিণ পাশে ২৭৬ নম্বর রেলসেতুর ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আতাহার উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর গ্রামের মৃত দশরত মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে প্রাতঃভ্রমণে বের হওয়া লোকজন রেলসেতুর ওপর মরদেহটি পড়ে থাকতে দেখেন। তার পরনে ছিল গোলাপি পাঞ্জাবি ও লুঙ্গি। পাশে একটি কালো কাপড়ের ব্যাগ ও ধাতব লাঠি পড়ে ছিল। পরে স্থানীয়রা বিষয়টি আক্কেলপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে জানান।
স্থানীয় বাসিন্দা আব্দুল মোমিন বলেন, সকালে হাঁটতে বের হয়ে তিনি রেলসেতুর ওপর বৃদ্ধের মরদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে, গভীর রাতে কোনো একসময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
কানুপুর গ্রামের বাসিন্দা রতন চন্দ্র জানান, আতাহার আলী তার প্রতিবেশী ছিলেন। কয়েক দিন আগে চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন। আক্কেলপুর স্টেশনে নেমে রেললাইন ধরে হেঁটে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পরিবারের অন্য সদস্যরা ঢাকায় থাকলেও তিনি স্ত্রীকে নিয়ে গ্রামে বসবাস করতেন।
আক্কেলপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আবু সাঈদ বলেন, মহিলা কলেজের দক্ষিণ পাশে ২৭৬ নম্বর রেলসেতুর ওপর ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ভোর ৫টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আপ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশন ছেড়ে যায়। ওই ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৭৫ বছর। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।