

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
“শিশু বিয়ে আর নয়, কন্যাশিশু করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে শুরুতেই উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয় এবং সেখানে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার ও সুরক্ষা নিশ্চিত, বাল্যবিবাহ বন্ধ, শিক্ষা অর্জনের বিষয়ে সকলের সম্মিলিত চেষ্টার আহবান জানান বক্তারা। বক্তারা বলেন, আজকের কন্যাশিশু দেশের বোঝা নয় বরং দেশের সম্পদ। কন্যাশিশুর সু শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে আমাদের সমাজে বর্তমানে ও বাল্যবিবাহের প্রবণতা দেখা যায়। এই প্রবণতা বন্ধ করতে আইন প্রয়োগের পাশাপাশি অভিভাবক ও আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিরঞ্জন চন্দ্র, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমান,একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন,পল্লী উন্নয়ন অফিসার মো. গোলাম রব্বানী, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর মো. আশরাফুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্কুলের ছাত্র ছাত্রী বৃন্দ।
