×

বিরলে ফ্যামিলি কার্ড বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
“ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক” প্রতিপাদ্য নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সমাজসেবা অধিদপ্তর এর মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণের অংশ হিসেবে বিরল উপজেলায় প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
আজ সোমবার দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল ইসলাম এর সভাপতিত্বে পরিষদে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, উপদেষ্টা এবং বিরল মহিলা কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী, পৌরবিএনপির সহসভাপতি আসাদুল হক হিরা, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিষয়ে জুম মিটিং এর মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি।
উপজেলা সমাজসেবা অফিসার জানান, বিরল উপজেলার ০৬ নং ভান্ডারা, ০৮ নং ধর্মপুর ও ১২ নং রাজারামপুর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডে ০৩ জন সুপারভাইজার ও ১২ জন তথ্যসংগ্রহকারী কর্তৃক প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হলো। সারাদেশব্যাপী ৭৯১ টি জায়গায় একইসাথে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। দেশের ৪ কোটি ১১ লক্ষ পরিবার এর তথ্য এ কার্যক্রমের আওতায় সংগ্রহ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সঠিক তথ্য সংগ্রহের পর স্কোরিং এর জন্য গণশুনানী অনুষ্ঠিত হবে। স্কোর অনুযায়ী এ্যাপসের মাধ্যমে পরিবার নির্ধারণে কারো কোন আপত্তি থাকলে গণশুনানীতে শোনা হবে এবং সুবিধাভোগী নির্ধারণ করা হবে।