×

বোচাগঞ্জে খড়ির ঘরে পুলিশের অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ১

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে অভিযান চালিয়ে ২১ পুরিয়া গাঁজাসহ আশরাফুল আলম (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৩ নম্বর মুর্শিদহাট ইউনিয়নের পাঁচপুকুর এলাকায় মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপকের কার্যালয়ের বিপরীতে একটি খড়ির ঘরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আশরাফুল আলম উপজেলার ধনতলা গ্রামের মৃত ফজলুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, তাঁর হেফাজত থেকে ছোট-বড় ২১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। কাগজসহ উদ্ধার করা গাঁজার মোট ওজন ১০০ গ্রাম। এর আনুমানিক মূল্য তিন হাজার টাকা।
পুলিশের দাবি, বিক্রির উদ্দেশ্যে গাঁজাগুলো নিজের হেফাজতে রেখেছিলেন আশরাফুল আলম। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। বোচাগঞ্জ থানার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন মামলাটি তদন্ত করছেন।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবিব বলেন,“মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”