×

জয়পুরহাটে ২ কোটি ৭৯ লাখ টাকার পুরাতন কয়েনসহ আটক ২

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট ২০ বিজিবি ও পত্নীতলা ১৪ বিজিবির যৌথ অভিযানে প্রায় ২ কোটি ৭৯ লাখ টাকা মূল্যের ১ হাজার ৮৭২টি পুরাতন বিদেশি কয়েনসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে নওগাঁর পত্নীতলা ও ধামইরহাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এসব কয়েন উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে একটি টহলদল পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবির) সার্বিক সহযোগিতায় চোরাচালানবিরোধী এ অভিযান পরিচালনা করে। অভিযানে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মাদাইনগর এলাকা ও ধামইরহাট উপজেলার ধামইরহাট বাজার থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার মাদাইনগর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. রশিদ মিয়া (৫২) এবং ধামইরহাট বাজার এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া (৫০)।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে পাকিস্তানের পাঁচ পয়সার ৮৩৩টি তামার কয়েন এবং ভারতের ওয়ান কোয়ার্টার আনা মুদ্রার ৭৩৫টি কয়েন উদ্ধার করা হয়। ভারতীয় কয়েনগুলোর মধ্যে রাজার ছবি সংবলিত ৫৮৭টি ও রানির ছবি সংবলিত ১৪৮টি কয়েন রয়েছে। এ ছাড়া বিভিন্ন সময়ের পুরাতন ও বিরল কয়েনসহ সর্বমোট ১ হাজার ৮৭২টি কয়েন উদ্ধার করা হয়।
উদ্ধার করা কয়েনগুলোর আনুমানিক জব্দমূল্য ২ কোটি ৭৯ লাখ ২৬ হাজার ১৪৩ টাকা। এ সময় দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটক দুই ব্যক্তি, উদ্ধার করা কয়েন ও জব্দ করা মোবাইল ফোন নওগাঁ জেলার পত্নীতলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।