

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে ৪ বোতল মদ সহ অজিত কুমার ঘোষ (৪২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযানে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে পাসপোর্ট ও আধার কার্ড উদ্ধার করা হয়েছে।
আটক অজিত কুমার ঘোষ ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার গোসাইপুর গ্রামের গিরেন্দ্র নাথ ঘোষের ছেলে।
হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র সরকার জানান, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে হিলি সীমান্তবর্তী বাজার-চুড়িপট্টি পাকা রাস্তার মোড়ে নিয়মিত মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় অজিত কুমার ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে সন্দেহ হলে তাকে থামানো হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে মদ থাকার কথা স্বীকার করে। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে শরীর তল্লাশী করে ভারতীয় ৪ বোতল মদ, ১টি ভারতীয় পাসপোর্ট ও ১টি ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে। এসময় তাকে আটক করে থানায় আনা হয়।
এসআই গোপাল চন্দ্র সরকার আরও জানান, এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ২৪(ক) অনুযায়ী তাকে আসামী করে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আটক ভারতীয় নাগরিককে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, অজিত কুমার ঘোষ গত ১১ অক্টোবর বৈধ পাসপোর্ট-ভিসায় হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন। তার পাসপোর্টে ট্যুরিস্ট ভিসা ছিল। বাংলাদেশে তার গন্তব্যের ঠিকানা হিলি উল্লেখ ছিল।
