

চিরিরবন্দর প্রতিনিধি
সময় যতই ঘনিয়ে আসছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রার্থী, কর্মী, সমর্থকদের মাঝে প্রচার–প্রচারণা ও দৌড়ঝাঁপ ততই বাড়ছে। সর্বত্রই প্রশ্ন কে হচ্ছেন চিরিরবন্দর উপজেলার অভিভাবক বা চেয়ারম্যান?
নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা ও চুলচেড়া বিশ্লেষণ। গ্রামে, গঞ্জে, হাটেঘাটে এমনকি চায়ের দোকানেও এ নিয়ে ভোটারদের মাঝে আগ্রহের কমতি নেই। চলছে নানান হিসেবে নিকেশ। সকল প্রার্থীই বিজয়ের ব্যাপারে আশাবাদি। তাহলে কে হচ্ছে চিরিরবন্দর উপজেলার নতুন অভিভাবক? এমন প্রশ্নই স্ব–স্ব প্রার্থীর কর্মী, সমর্থক, ভোটারদের মধ্যে ঘুরপাক খাচ্ছে।
নির্বাচন কমিশন ঘোষিত ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২৯ মে চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচন।
ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন বাড়ছে প্রার্থীদের প্রচার–প্রচারণা ও দৌড়ঝাঁপ। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীরা রাতকে দিন আর দিনকে রাত মনে করে উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন। নেতাকর্মীদের সরব পদচারণায় মুখোরিত উপজেলার সর্বত্রই।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ চিরিরবন্দর উপজেলা সভাপতি সুনীল কুমার সাহা (দোয়াত কলম), বাংলাদেশ আওয়ামী লীগ চিরিরবন্দর উপজেলা সহ–সভাপতি ও ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিষ চন্দ্র রায় (মোটর সাইকেল), বাংলাদেশ আওয়ামী লীগ চিরিরবন্দর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ফিজার (ঘোড়া), বাংলাদেশ আওয়ামী লীগ চিরিরবন্দর উপজেলা সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি ও খোচনা এসসি উচ্চ ও কলেজের অধ্যক্ষ আহসানুল হক কুকুল (হেলিকাপ্টার) এবং সাইতাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.মোকারম হোসেন (আনারস)।
এছাড়াও রয়েছে ৩জন ভাইস চেয়ারম্যান সুমন দাস (কারেন্ট বাল্ব) মো. আব্দুল্লাহ আল মামুন (মাইক), জামাল উদ্দীন মুহুরী (তালা) এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন প্রার্থী বর্তমান সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. লায়লা বানু (প্রজাপতি), সাবেক সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী মহিলা লীগ উপজেলা শাখার সভাপতি তরু বালা রায় (কলস), পুর্নিমা রানী মহন্ত ছবি (পদ্মফুল) ও ওয়াজিদা খাতুন বেবী (বল)।
সরজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, অলিগলি রাস্তার মোড়, চায়ের স্টোলে লোক সমাগম বেশি। নিশি রাতেও পাড়া মহল্লায় প্রার্থী ও কর্মী সমর্থকদের আনাগোনা। বিরামহীন সময় পার করছেন তারা। প্রার্থীদের নির্বাচনী ফেস্টুন, লিফলেট, পোস্টারে ছেঁয়ে গেছে উপজেলার সবকটি এলাকা। মিছিল, মিটিং বক্তব্যের বুলিতে নিজ প্রার্থীগণের পক্ষে জয়গান করছেন তারা। ভোটাররাও নির্বিঘ্নে তাদের সত্য মিথ্যা কথার শ্রোতা হচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। উপজেলায় ১২টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৩৮৯জন এর মধ্যে পুরুষ ১ লাখ ৩০ হাজার ১২৬জন ও মহিলা ১ লাখ ২৮ হাজার ২৬২জন এবং তৃতীয় লিঙ্গের ১জন। ৯৫টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
