

রাণীশংকৈল সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাঁচোর ইউনিয়নের কাতিহার এলাকার আরবিবি ইটভাটায় ১৪৪ ধারা জারি করেছেন। সেইসাথে ওই মাটির স্তুপে হাজারো জনতার স্বর্ণ খোঁজার স্থানটি লাল পতাকা দিয়ে ঘিরে রেখেছে প্রশাসন,সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাহারায় রয়েছেন । গতকাল রোববার দুপুরে এ দৃশ্য দেখা মেলে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, কাতিহার বাজার প্রবেশ করতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাহারায় রয়েছেন। একইভাবে ইটভাটার মাটির বিপরীত দিকে কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।
মাটির স্তুপের পাশ দিয়ে লাল কাপড়ের নিশানা দিয়ে ঘিরে রাখা হয়েছে। একজন গ্রাম পুলিশ সেখানে দাঁড়িয়ে রয়েছেন। ইটভাটার একটু সামনেই রাজোর মোড় এলাকায় রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) মোহা. রেজাউল হকের তদারকিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা পাহারায় রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, মাটি খননের সন্ধানে যেসব লোকজন আসছে, তাদের আইনের আওতায় নেওয়া হচ্ছে। সকাল থেকে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। ইউএনও আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনোভাবেই ইটভাটার ওই মাটির স্তুপে সাধারণ মানুষকে ভিড়তে দেওয়া হবে না।
এর আগে মাটির স্তুপ খুড়লেই পাওয়া যাচ্ছে স্বর্ণ। এ ধরনের কথা রটিয়ে পড়লে সাধারণ মানুষ হুমড়িয়ে খেয়ে শাবল, ডাঙ্গি ও কোদাল নিয়ে দিনরাত সমানতালে ওই ইটভাটার মাটির স্তুপ খনন শুরু করে। এটি কোনোভাবেই সামাল দিতে না পারায় জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন শনিবার রাতেই ইটভাটার ওই মাটির স্তুপে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেন। সে থেকে সেখানে সাধারণ মানুষ আর সেভাবে ভিড়তে পারছে না।
