

খানসামা প্রতিনিধি
ষষ্ঠ ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের খানসামায় জনসভায় দুর্বৃত্তের ছোড়া ইটের আঘাতে চেয়ারম্যান পদপ্রার্থীর দুই কর্মী আহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের বোর্ডেরহাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র মাঠে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের বোর্ডেরহাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র মাঠে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. সহিদুজ্জামান শাহর (আনারস প্রতীক) নির্বাচনী পথসভা হচ্ছিল। এ সময় অন্ধকার থেকে ঢিল ছোড়ে দুর্বৃত্তরা। তাতে মোস্তাফিজুর রহমান (৪৫) নামের এক কর্মীর মাথা ফেটে যায়। দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানো হয়। আহত মনছুর আলী নামের আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
চেয়ারম্যান পদপ্রার্থী সহিদুজ্জামান শাহ বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কর্মীদের ভয়ভীতি দেখাতে কাপুরুষের মতো রাতে এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রচার–প্রচারণাসহ নির্বাচনী সব কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।’
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রোস্তম আলী বলেন, ‘বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
