শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা পেতে গণ উদ্বুদ্ধকরণ সভা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বীরগঞ্জ সরকারি কলেজের একাডেমিক ভবনে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
ভিলেজ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ভিএসডিএ) এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স (বিওয়াইএফসি) এবং বীরগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।
বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম মিন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর বাদশা রনি, বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স (বিওয়াইএফসি) প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. শাহারিয়ার হোসেন ও মোছা. সুখী আক্তার।
এসময় আরও উপস্থিত ছিলেন ভিএসডিএ’র সহ-সভাপতি মো. সেলিম ইসলাম, বিওয়াইএফসি’র প্রোগ্রাম অর্গানাইজার মজিদুল ইসলাম বাবু এবং ভিএসডিএ’র যুব প্ল্যাটফর্ম ‘চেঞ্জমেকার ইয়ুথ নেটওয়ার্ক এর সভাপতি মো. শামীম হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও কলেজের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন বলেন, “মাদক আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য এক নীরব ঘাতক। এটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।” তিনি আরও বলেন, কিশোর ও তরুণরা বর্তমানে নানা প্রলোভন ও ভুল সঙ্গের কারণে সহজেই মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে, যা উদ্বেগজনক। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আত্মসচেতনতা, পারিবারিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
“এখনই সময় শপথ করার, মাদকমুক্ত সমাজ গড়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত সবাই স্বাক্ষরের মাধ্যমে মাদকের বিরুদ্ধে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণদের সচেতন করে তুলতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS