মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে নাগরিক টিভি’র হিলি প্রতিনিধি মো. তাহাকিক হাসানকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে স্থানীয় সরকারী কলেজ গেটে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। বর্তমানে আহত তাহাকিক জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী সাংবাদিক তাহাকিক হাসান জানান, গতকাল রোববার রাতে স্থানীয় যুবদলের বহিস্কৃত সদস্য রিপন আহমেদ কথা বলার জন্য মোবাইল ফোনে আমাকে হাকিমপুর ডিগ্রি কলেজ গেটে ডেকে নেয়। কিছুক্ষণ পর আমি সেখানে পৌঁছালে রিপন কৌশলে কলেজ গেটের ভেতরে নিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রিপন উত্তেজিত হয়ে কোমর থেকে একটি ধারালো লোহার বস্তু দিয়ে আমার ডান চোখের ওপরে সজোরে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং পকেটে থাকা ২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। এসময় রিপনের সঙ্গে আরও ৩-৪ জন সন্ত্রাসী ছিল।
তাহাকিক আরও জানান, আমার চিৎকার শুনে লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত ডাক্তার জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে রেফার্ড করে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, রাতে খবর পেয়ে হাসপাতালে ভিক্টিমের সাথে কথা বলেছি এবং তার জবানবন্দি গ্রহণ করেছি। সাংবাদিকের ওপর হামলার এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS