

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দেশের অন্যতম জনপ্রিয় ও সুনামধন্য বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ বছর পূর্তি ও ২৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে হিলিতে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভির হিলি প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ।
অনুষ্ঠানের শুরুতে এনটিভির উত্তরোত্তর সাফল্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং এনটিভির দীর্ঘায়ু ও আরও সমৃদ্ধি কামনা করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। তিনি বলেন, দেশের গণমাধ্যম জগতে এনটিভি দীর্ঘদিন ধরে নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেলটি তার সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, উপজেলা বিএনপির সহ-সভাপতি পারুল নাহার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হযরত আলী। বক্তারা এনটিভির দীর্ঘ পথচলার প্রশংসা করে দেশের গণমাধ্যমে চ্যানেলটির অবদানের কথা তুলে ধরেন।
পরে একটি বর্ণাঢ্য র্যালি হিলি স্থলবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
