

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যতিক্রমী এক শিশু জন্ম নিয়েছেন। উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর মালিপাড়া গ্রামের আরিফ-লিজা দম্পতির ঘরে ২৮টি আঙ্গুল নিয়ে জন্ম নিয়েছেন এক নবজাতক।
শিশুটির দুই হাতে ১৪টি এবং দুই পায়ে ১৪টিসহ মোট ২৮টি আঙুল নিয়ে জন্ম হয়। গত ১৩ সেপ্টেম্বর পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে ওই শিশুর জন্ম হয়।
বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা কৌতুহল সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে মানুষ ওই নবজাতককে দেখতে ভীড় করছে।
জানা গেছে, গত দুই বছর আগে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর মালিপাড়া গ্রামের বাসিন্দা ভ্যান চালক আসাদুল ইসলাম আরিফ এর সাথে লিজার বিবাহ সম্পন্ন হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর দুপুরে স্ত্রী লিজার প্রসব বেদনা শুরু হলে পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হয় তাকে। পরে ওইদিন বিকেলে সিজারের মাধ্যমে তার ফুটফুটে একটি কন্যা সন্তান জন্ম নেয়। এটি তাদের প্রথম সন্তান। তবে আশ্চর্যের বিষয় হল, সাধারণত একজন মানুষের হাত-পা মিলিয়ে ২০টি আঙুল থাকলেও তার ক্ষেত্রে ঘটেছে ব্যতিক্রম।
শিশুটি জন্ম নেয়ার পর দেখা যায় তার ডান হাতে ৭টি, বামহাতে ৭টি, ডান পায়ে ৭টি ও
বামপায়ে ৭টি আঙুল রয়েছ। হাত-পা মিলিয়ে মোট ২৮টি আঙুল। এছাড়া শিশুটির ঠোট কাটা ও তালুর সমস্যা রয়েছে। প্রতিটি আঙুলেই রয়েছে নখ। তবে জন্মের দুদিন পরে বাম হতের একটি ছোট আঙুল ঝরে পড়েছে। বর্তমানে নবজাতক ও মা দুজনই সুস্থ আছেন।
পরিবারের সদস্যরা জানায়, শিশুটির জন্মের পর তার হাত-পায়ের অতিরিক্ত আঙুল দেখে তারা বিস্মিত হয়েছেন। তারা বলছেন, সবই আল্লাহর ইচ্ছে, তিনি যা ভালো মনে করেছেন তাই হয়েছে।
বিষয়টি নিয়ে কথা বললে দিনাজপুর মেডিকেল কলেজর অধ্যক্ষ ও বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এসকে সাদেক আলী বলেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অতিরিক্ত আঙুল থাকা অবস্থাকে “পলিড্যাক্টিলি” (চড়ষুফধপঃুষু) বলা হয়। এটি কোন সমস্যা নয়, জন্মগত একটি শারীরিক বৈশিষ্ট্য, যা বিভিন্ন কারণে হতে পারে। শিশুটির অন্য কোন সমস্যা আছে কি না, সে বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
