×

ফুলবাড়ীতে ভোরের ফুটবল টিমের উদ্যোগে ২০০ তালবীজ রোপণ

নিজস্ব প্রতিবেদক
“খেলাধুলা হোক, সবুজ পৃথিবীর জন্য”—এই প্রত্যয়কে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভোরের ফুটবল টিম ।
আজ শনিবার সকাল ৭টায় ফুলবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গণে ভোরের ফুটবলের টিম লিডার এসএম নুরুজ্জামান জামানের নেতৃত্বে ভোরের ফুটবল সদস্যরা সম্মিলিতভাবে প্রায় ২০০টি তালবীজ রোপণ করেন।
এ সময় ভোরের ফুটবলের সদস্যরা নিজেদের হাতে কলেজের বিভিন্ন স্থানে তালবীজ রোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
ভোরের ফুটবল শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক ও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে ফুলবাড়ীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনাতেও তালবীজ রোপণ করা হবে বলে জানান সংগঠনের সদস্যরা।

টিম লিডার এসএম নুরুজ্জামান জামান বলেন, “খেলাধুলার পাশাপাশি আমাদের সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্ব রয়েছে। আজকের রোপণ করা একটি তালবীজ ভবিষ্যতে একটি বড় গাছে পরিণত হবে—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
স্থানীয়রা ভোরের ফুটবলের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তরুণদের খেলাধুলার পাশাপাশি পরিবেশ রক্ষায় এমন কার্যক্রমে সম্পৃক্ত হওয়া সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে।