

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যে রংপুরের পীরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন শাহ্। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদ-উন-নবী চৌধুরী পলাশ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম মাহমুদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওছার আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল্লাহ আল-মামুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কবি সুলতান আহমদ সোনা প্রমুখ।
