

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের সচেতনতা ও ভূমিকা তুলে ধরতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ড. আবু সাঈদ মো. নুরুল ইসলাম।
এতে বক্তব্য দেন কমিটির সহসভাপতি ও সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শফিকুল আলম এবং সাধারণ সম্পাদক ও জয়েনপুর আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান মণ্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক তাজুল ইসলাম রেজা।
আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। ‘দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণরাই প্রধান শক্তি’ শীর্ষক বিতর্কে উপজেলার আটটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে অংশ নেয়।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জয়েনপুর আদর্শ কলেজের সহকারী অধ্যাপক শরিফা ইসলাম, সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজের প্রভাষক শাহানাজ রহমান রত্না ও প্রভাষক নিলুফা আক্তার।
প্রতিযোগিতার প্রথম পর্বে বিজয়ী হয়ে পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছে সাদুল্লাপুর কে এম পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও ধাপেরহাট বিএমপি উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দল।
