×

নবাবগঞ্জে নাশকতা মামলায় ছাত্রলীগের তিনজন গ্রেফতার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনজপুরের নবাবগঞ্জ থানায় নাশকতার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে রুজু করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল কুদ্দুস।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার বিনোদনগর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শাহী ইমরান (২৩), একই এলাকার জগন্নাথপুর গ্রামের নুরে আলম সিদ্দিক (২০) ও একই গ্রামের মাহাদি হাসান (২০)।
পুলিশ ও থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ৯ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ-ডাংশেরহাট পাকা সড়কে কয়েকজন ব্যক্তি সমবেত হন। তারা দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশে শেখ হাসিনার ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ করা হয়। এসময় তাদের কাছে কুড়াল,লোহার রড,সামুরাই, হকিস্টিক ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়।
খবর পেয়ে ওই দিন রাত সোয়া ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা পালিয়ে যান।
এঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে নবাবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়। মামলাটির তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান,সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আজ আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তিদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।। এছাড়া গ্রেফতার তিনজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে জানান ওসি আব্দুল কুদ্দুস।