×

হাকিমপুরে মাছ চুরির অভিযোগে ১৩ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার-১

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামে পুকুরের মাছ চুরির অভিযোগে নাঈম হোসেন (১৩) নামে এক শিশুকে হাত-পা রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। এঘটনায় দায়ের করা মামলায় বিপ্লব হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে এই নির্যাতনের ঘটনা ঘটে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর (রোববার) রাতে উপজেলার বোয়ালদাড় গ্রামের একটি পুকুরে মাছ চুরি হয়। চুরির অভিযোগ এনে পুকুরের মালিক সাখাওয়াত হোসেন সহ কয়েকজন ব্যক্তি শিশু নাঈম হোসেনকে আটক করে। এ সময় নাঈমের হাত-পা রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়।
এদিকে গতকাল বুধবার রাতে শিশুটির বাবা ফয়জার হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে হাকিমপুর থানায় মামলা করেন। এরপেক্ষিতে পুলিশ বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত বিপ্লব বোয়ালদাড় গ্রামের সাঈদ আলীর ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় শিশু নির্যাতনের মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার আসামিকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।