×

নবান্ন উৎসব উপলক্ষে কালাইয়ে ঐতিহ্যবাহী মাছের মেলা

আব্দুন নুর নাহিদ
জয়পুরহাটের কালাই পাঁচশিরা বাজারে দল বেঁধে ছুটছে মানুষেরা। সবার গন্তব্য নবান্নের মাছের মেলায়। সেখানে রঙিন কাপড়ের বিশাল প্যান্ডেল বেলুন দিয়ে সাজানো হয়েছে। প্যান্ডেলের নিচে থরে থরে সাজানো বড় বড় রুই, কাতলা, চিতল, বিগহেড, সিলভার কার্প,কালবাউশ,গ্রাস কার্প,পাঙাশ, মিনার কার্প,ব্লাডকার্পসহ নানা প্রজাতির মাছ। কেউ মাছের দরদাম করছেন, কেউবা কিনছেন, কেউবা ফেসবুকে ছবি তুলে শেয়ার দিচ্ছে। প্রতিবছরের মতো নবান্ন উৎসব উপলক্ষে বুধবার এক দিনের জন্য কালাই পৌর শহরের পাঁচশিরা বাজারে মাছের মেলা বসেছে। এ মেলায় অংশ নেয় উপজেলার মোলামগাড়ি, মাত্রাই, জিন্দারপুর, বিয়ালা, শাইলগুন, উলিপুর, উদয়পুর, পুনট, নয়াপাড়া, তেলিহার, পাঁচগ্রাম, বেগুনগ্রাম, ইমামপুরসহ ৭০ থেকে ৮০ গ্রামের মানুষ।

এই উৎসবে প্রতি বাড়িতে মেয়ে জামাইসহ স্বজনদের আগে থেকে দাওয়াত দেয়া হয়। তাছাড়া বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ এ মেলায় মাছ কিনতে ও দেখতে আসে। শুধু নবান্ন উপলক্ষে গড়ে ওঠা মেলাটি স্থানীয় মানুষের আনন্দ, উৎসব ও মিলনমেলায় পরিণত হয়। উপজেলার দুধাইল গ্রামের রিজন সরকার বলেন, বছরের এই একটি দিনের জন্য আলাদা করে প্রস্তুতি নিই। সারা বছর ব্যবসায়ী ব্যস্ততার কারণে বড় মাছ কেনতে না পারলেও এই মাছের মেলাকে কেন্দ্র করে বড় আকারের মাছ কেনার চেষ্টা করি। এই মেলা থেকে প্রায় ১৭ হাজার টাকায় কাতলা মাছ কিনেছি। এ মেলায় মাছ কিনতে আসা হারুন্জা গ্রামের জামাই মেহেদী হাসান বলেন, নবান্ন উৎসব উপলক্ষে প্রতিবছর শ্বশুরবাড়ির দাওয়াতে এসে পরিবারসহ মেলা দেখতে এসেছি। কিছু মাছও কিনেছি। তবে গত বছরের চেয়ে এবার মেলায় মাছের দাম একটু বেশি মনে হচ্ছে।

মাছ ব্যবসায়ী সাদ্দাম হোসেন জানান, এই মেলায় মাঝারি আকারের মাছ ৩০০ থেকে ১ এক হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবারে দ্রব্যমূল্যের কিছুটা ঊর্ধ্বগতির কারণে বেচাকেনা কিছুটা কম হলেও ক্রেতা সমাগম হওয়ায় বিক্রি ভালো হচ্ছে। এই মেলার আয়োজক আব্দুল লতিফ বলেন, বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বড় বড় পুকুর, দীঘি ও নদী থেকে মাছ সংগ্রহ করা হয়। গত বছরের তুলনায় এবারে মাছের আমদানি কিছুটা কম। ক্রেতারাও ইচ্ছে মতো মাছ কিনছেন। আকারভেদে সিলভার কার্প প্রতি কেজি ৩০০ থেকে ৬০০ টাকা, বিগহেড কার্প ৪০০ থেকে ৮০০ টাকা, রুই ৪০০ থেকে ১ হাজার টাকা এবং কাতলা প্রতি কেজি ৪৫০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। মেলায় সর্বোচ্চ ২৭ কেজি ওজনের কাতলা মাছ উঠেছে।

কালাই উপজেলা মৎস্য সহকারী অফিসার মো.সোহেল ইসলাম বলেন, মেলাকে কেন্দ্র করে মাছচাষি ও ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে বড় বড় মাছ নিয়ে আসেন। মেলায় প্রায় কোটি টাকার মাছ কেনাবেচা হয়। মৎস্য বিভাগ চাষিদের সব সময় মাছ চাষে পরামর্শ দিয়ে যাচ্ছে। এ ছাড়া মেলায় যাতে কেউ বিষযুক্ত মাছ বিক্রি করতে না পারে, সেটাও নজরদারি করা হচ্ছে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, কালাই পাঁচশিরা বাজারে মাছের মেলা স্থানীয় ঐতিহ্যের প্রতীক। এমন আয়োজন আমাদের গ্রামীণ সংস্কৃতিকে জীবন্ত রাখে। মেলায় প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হয়েছে।