

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. মোশারফ হোসেন।
আজ শনিবার (৭ নভেম্বর ) দুপুরে নন্দীগ্রাম পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পৌরসভা নেতৃবৃন্দের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন তিনি।
এ সময় এমপি মো. মোশারফ হোসেন বলেন, মানুষের মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসাসেবা অন্যতম। অসুস্থ ও সংকটাপন্ন রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। অনেক সময় সময়মতো অ্যাম্বুলেন্স না পাওয়ায় রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। নন্দীগ্রাম পৌরসভার জন্য এই অ্যাম্বুলেন্সটি উপহার দেওয়ার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের সেই ভোগান্তি কমানো এবং জরুরি মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো।
তিনি আরও বলেন, আমি চাই, এই অ্যাম্বুলেন্সটি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে নন্দীগ্রামের সর্বস্তরের মানুষের সেবায় নিয়োজিত থাকুক। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীরা যেন প্রয়োজনের সময় সহজে অ্যাম্বুলেন্স সেবা পান, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এটি শুধু একটি যানবাহন নয়, বরং মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ।
এমপি মোশারফ হোসেন পৌরসভা কর্তৃপক্ষকে অ্যাম্বুলেন্সটির যথাযথ রক্ষণাবেক্ষণ এবং স্বচ্ছ ও জনবান্ধব ব্যবস্থাপনার মাধ্যমে সেবাটি পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, নন্দীগ্রাম পৌরসভার সচিব শাহিন মাহমুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াসিন আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে. এম. শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, সাবেক পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২ নম্বর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এলআর, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নতুন এই অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে নন্দীগ্রাম পৌর এলাকার অসুস্থ, অসহায় ও জরুরি চিকিৎসাপ্রয়োজন এমন মানুষ দ্রুত হাসপাতালে যাতায়াতের সুযোগ পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দুর্ঘটনা, মুমূর্ষু রোগী পরিবহন এবং জরুরি চিকিৎসার ক্ষেত্রে অ্যাম্বুলেন্সটি স্থানীয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
