

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে শিহাব মিয়া (১৬) নামে এক কিশোর হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ী গ্রামের পগাইলের বিলের উপর একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিহাব ওই গ্রামের সৈয়দ ও জেসমিন দম্পতির ছেলে। তিনি পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। তার ঘাড়ে একটি ব্যাগ, পরনে সাদা পাঞ্জাবি-পায়জামা কালো কোর্ট পরনে এবং গলায় লাল ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ের সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নওশা আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিহাব মিয়া নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
