×

আদা কেজিতে বেড়েছে ১২০ টাকা, মরিচেও ঝাল আমদানি-রপ্তানি বন্ধের অজুহাত

হিলি প্রতিনিধি

আমদানিরপ্তানি বন্ধের অজুহাতে মাত্র রাতের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে আদার দাম মানভেদে বেড়েছে কেজিতে ১০০ থেকে ১২০ টাকা। আর দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচ কেজিতে বেড়েছে ৪০ টাকা। পণ্য দুটির দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিন্মআয়ের মানুষেরা। ক্রেতারা বলছে, কোরবানি ঈদের আগে মসলা পণ্যর দাম কিছুটা বাড়ে কিন্ত এক রাতের ব্যবধানে এতো টাকা বাড়বে তা অবিশ্বাস।

গতকাল শনিবার বিকেল ৩ টায় হিলি বাজার ঘুরে দেখা গেছে, গত শুক্রবার প্রতিকেজি আদা ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হয়েছে। তা গতকাল শনিবার প্রতিকেজি বিক্রি হচ্ছে মানভেদে ৩০০ থেকে ৩২০ টাকা দরে। এতে করে কেজিতে ১০০ থেকে ১২০ টাকা বেড়েছে। আর দুই দিন আগে কাঁচা মরিচ মানভেদে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আজ সেই কাঁচা মরিচ ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে আদা ও কাঁচা মরিচ কিনতে আসা মফিজুল ইসলাম বলেন, কোরবারি ঈদের সময় সব পণ্যের দাম একটু বাড়ে। কিন্তু কেজিতে ১২০ টাকা? এটা আশ্চর্যজনক বিষয়। কাঁচা মরিচের দামও বৃদ্ধি পেয়েছে। আমি দুই দিন আগে ১৪০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছি। আজ সেই কাঁচা মরিচ ১৮০ টাকা কেজি দরে নিলাম।

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা শেখ বিপ্লব জানান, গত শুক্রবার থেকে আমদানি-রপ্তানি বন্ধ হয়েছে। আর একদিন পর কোরবানী ঈদ তাই কৃষকেরা ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলছে না। একারণে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পাচ্ছে। আমি আজ সকালে পাঁচবিবি হাট থেকে প্রতিকেজি কাঁচা মরিচ কিনেছি ১৭০ টাকা কেজি দরে। আর বিক্রি করছি ১৮০ টাকা কেজি দরে। এতে করে পরিবহন খরচ বাদ দিয়ে দুই থেকে তিন টাকা লাভ থাকে। এরপর আবার প্রতি মনে দুই এক কেজি নষ্ট হয়ে যায় কাঁচা মরিচ।

হিলি বাজারের আদা বিক্রেতা আবু তাহের বলেন, গত শুক্রবার থেকে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়েছে। তাই হয়তো যেসব আমদানিকারকের কাছে আদা মজুদ আছে, তারা বেশি দামে বিক্রি করছেন। বৃহস্পতিবার (১৩ জুন) পাইকারি মানভেদে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে কিনে ২০০ টাকায় বিক্রি করি। আর শুক্রবার প্রতিকেজি আদা কিনতেই হয়েছে মানভেদে ২৯০ থেকে ৩০০ টাকা দরে। গতকাল শনিবার বিক্রি করছি ৩২০ টাকা কেজি দরে। আমদানিকারকদের কাছ থেকে পাইকারি কিনে খুচরা বিক্রি করি। যে দামে কিনি তার চেয়ে  কেজিতে ৫ থেকে ১০ টাকা লাভ রেখে বিক্রি করে থাকি।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।