×

নারী কাবাডি টেষ্ট সিরিজে রেফারি মনোনীত ফুলবাড়ীর মোহাম্মদ আলী

মোহাম্মদ আলী

নিজস্ব প্রতিবেদক
আগামী ১৫ থেকে ২৫ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ‘নারী কাবাডি টেস্ট সিরিজ-২০২৬’ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য রেফারি হিসেবে মনোনীত হয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সৈয়দ মোহাম্মদ আলী। রোববার (১২জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ভবানীপুর ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোক্তার হোসেন মোল্লা।
এর আগে গত ১০ জুলাই বাংলাদেশ কাবাডি ফেডারেশনের রেফারিজ কমিটির চেয়ারম্যান ও যুগ্ম সম্পাদক অধ্যক্ষ (অবঃ) মো. আব্দুল হক স্বাক্ষরিত এক অফিসিয়াল পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, সৈয়দ মোহাম্মদ আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ) থেকে বিএসএস, এমএসএস এবং উত্তরা ইউনিভার্সিটি থেকে বিপিএড, এমপিএড সম্পন্ন করেছেন। বর্তমানে পার্বতীপুর উপজেলার ভবানীপুর ডিগ্রি কলেজের শরীর চর্চার শিক্ষক হিসেবে কর্তরত রয়েছেন। তিনি ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের মৃত সৈয়দ আবুল খায়ারের ছেলে।
উদীয়মান রেফারি হিসেবে ক্রীড়া ক্ষেত্রে তার নিষ্ঠা, দক্ষতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কাবাডি ফেডারেশন তাকে এ গৌরবময় দায়িত্ব প্রদান করেছেন। ২০২৫ সালের দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপেও তিনি রেফারি হিসেবে মনোনয়ন পেয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
ভবানীপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ বরাবর কাবাডি ফেডারেশনের প্রেরিত ওই পত্রে জানানো হয়, এই টেস্ট সিরিজ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে টেকনিক্যাল অফিশিয়াল তথা রেফারি হিসেবে সৈয়দ মোহাম্মদ আলীকে দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সাথে খেলা পরিচালনার সুবিধার্থে তাঁকে আগামী ১৫ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত কর্তব্যকালীন ছুটি প্রদানের জন্য কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
সৈয়দ মোহাম্মদ আলী এর আগেও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে রেফারি হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আবারও এমন একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজে রেফারি হিসেবে তাঁর এই মনোনয়নে ভবানীপুর ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ক্রীড়ামোদী মহল এবং ফুলবাড়ীর বিভিন্ন মহল থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

দায়িত্ব প্রাপ্তি প্রসঙ্গে রেফারি সৈয়দ মোহাম্মদ আলী অনুভূতি প্রকাশ করে জানান, আন্তর্জাতিক মানের খেলায় রেফারি হিসেবে কাজ করার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। এটি আমার জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি আনন্দের।
“বাংলাদেশ বনাম নেপালের মতো একটি আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজে রেফারি হিসেবে কাজ করার সুযোগ পাওয়া অত্যন্ত গৌরবের। আমি এই দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে দেশের এবং আমার শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখার চেষ্টা করব।”
ভবানীপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোক্তার হোসেন মোল্লা বলেন, সৈয়দ মোহাম্মদ আলী এর আগেও নারী কাবাডি বিশ্বকাপ, আন্তঃইউনিভার্সিটি, আন্তঃজেলা ও জাতীয় পর্যায়ে অনেক খেলার রেফারি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক মানের খেলায় রেফারি হিসেবে পুনরায় মনোনয়ন পাওয়ায় আমরা গর্বিত। আমরা তাঁকে কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।