×

পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের গায়েবানা জানাজা সম্পন্ন

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক স্পিকার, বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের গায়েবানা জানাজা।
আজ রোববার দুপুর আড়াইটায় পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থান মাঠে অনুষ্ঠিত এই জানাজায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেন।
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক ও যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, মির্জা নাজমুল ইসলাম কাজল, আদম সূফী এবং জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য দিতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ এবং পঞ্চগড়ের গর্বিত সন্তান।
বক্তারা আরও বলেন, তিনি শুধু বিএনপির নেতা ছিলেন না, ছিলেন পুরো পঞ্চগড়বাসীর অভিভাবক। তাঁর সততা, রাজনৈতিক প্রজ্ঞা এবং জনসেবামূলক কর্মকাণ্ড মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।
উল্লেখ্য, রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। পরিবারের সিদ্ধান্ত ও তাঁর ইচ্ছা অনুযায়ী তাঁকে জাতীয় সংসদ ভবন সংলগ্ন জাতীয় কবরস্থানে দাফন করা হবে। প্রতিকূল আবহাওয়ার কারণে মরদেহ পঞ্চগড়ে আনা সম্ভব না হওয়ায়, তাঁর আত্মার মাগফিরাত কামনায় এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।