

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে এলবিপি জুনিয়র ফুটবল লীগ সিজন-১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে পাঁচবিবি স্টেডিয়ামে হিস্ট্রি ক্রিয়েটরস_২০২৭-এর আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে শামীম হোসেন মন্ডল বলেন, বর্তমান সময়ে অনেক তরুণ মাদক, মোবাইল গেম ও বিভিন্ন ক্ষতিকর আসক্তির দিকে ঝুঁকে পড়ছে। এ অবস্থা থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। প্রতিটি এলাকায় নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, তরুণদের মাঠমুখী করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। খেলাধুলার প্রসার ঘটলে মাদক ও অপরাধপ্রবণতা কমে একটি সুন্দর সমাজ গড়ে উঠবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিনসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে উভয় দল গোল বিজয়ী না হওয়ায় ট্রাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হয়। ট্রাইব্রেকারে অষ্টম শ্রেণিকে পরাজিত করে নবম শ্রেণি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
