

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নবগঠিত জেলা কমিটির সহ-সভাপতি মিনহাজ হাসান সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার রাতভর পুলিশ অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।
গ্রেফতারকৃত আসামী মিনহাজ হাসান উপজেলার লোহাচড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে। তিনি খট্টামাধবপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। নবগঠিত দিনাজপুর জেলা ছাত্রলীগের কমিটিতে সহ-সভাপতি পদে আছেন বলে জানান পুলিশ।
অন্যদিকে পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুল মমিন হোসেন ও আরিফ হোসেন নামের দুই জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আব্দুল মোমিন হোসেন উপজেলা সাতকুড়ি গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে এবং একই এলাকা ঘাসুরিয়া গ্রামের মৃত আনিছ মিয়ার ছেলে আরিফ হোসেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য যারা সংগঠিত হওয়ার চেষ্টা করতেছে বা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড বাঁধাগ্রস্ত করার চেষ্টা করতেছে তাদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় রাতভর পুলিশ থানা এলাকার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি মিনহাজ হাসানকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও মাদক কারবারি অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে আরো দুজনকে গ্রেফতার করেছে। মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
