

দিনাজপুর প্রতিনিধি
ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক গত ১৭ আগস্ট ২০২৬ জারিকৃত স্মারক নং-১৬.০২.০০০০.০৬১.০৩১.০০০.২২-২৬ মোতাবেক শতবর্ষের পুরোনো হাজী জামাতুল্যা ওয়াক্ফ এস্টেট (ইসি নং-৩৮১৪)-এর সরকারি নিয়োগপ্রাপ্ত নবনিযুক্ত মোতাওয়াল্লী মো. ফায়সাল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নিয়েছেন দিনাজপুর পৌর এলাকার ১ নং ওয়ার্ডের লালবাগ ১নং জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লিবৃন্দ ও ওয়াক্ফ এস্টেটের ওয়ারিশগণ।
গতকাল শুক্রবার পবিত্র জুম্মার নামাজ শেষে লালবাগ ১নং জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগ ১নং জামে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব মো. জিয়াউল কায়সার বিপু; সহসভাপতি মো. তাজুল ইসলাম; সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সফিকুজ্জামান চৌধুরী; কোষাধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল কুদ্দুস; মো. আক্তার আজিজ; সাধারণ সদস্য মো. সাদেকুর রহমান এবং দিনাজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রবিউল ইসলাম রবি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও ওয়াক্ফ এস্টেটের ওয়ারিশগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ওয়ারিশগণ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অত্যন্ত উদ্বেগ ও বেদনার সঙ্গে তাদের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, হাজী জামাতুল্যা ওয়াক্ফ এস্টেটের দলিলের শর্তাবলি এবং প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হওয়ার বাধ্যবাধকতা থাকলেও গত দুই যুগের অধিক সময় ধরে এস্টেটটি যথাযথভাবে পরিচালিত হয়নি বলে তারা মনে করেন।
তারা জানান, উক্ত ওয়াক্ফ এস্টেটের সর্বশেষ মোতাওয়াল্লী এম. ওয়াজেদ আলী ২০১০ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে এম. ওয়াজেদ আলী অসুস্থ হয়ে পড়লে তার বড় ছেলে মেহেরাব আলী চৌধুরী নিজেকে কখনো ‘নায়েবে মোতাওয়াল্লী’ আবার কখনো ‘মোতাওয়াল্লী’ হিসেবে পরিচয় দিয়ে উক্ত ওয়াক্ফ এস্টেটের প্রায় ৪০বিঘার অধিক আবাদি জমির ফসল ও অন্যান্য আয় দীর্ঘ সময় ধরে এককভাবে নিয়ন্ত্রণ ও ভোগ করে আসছিলেন বলে তারা জানান।
উপস্থিত ওয়ারিশদের আরও অভিযোগ, উক্ত ওয়াক্ফ দলিলের শর্ত অনুযায়ী এস্টেটের আয় থেকে ওয়ারিশগণের প্রাপ্য অংশ বণ্টন, লালবাগ ১নং জামে মসজিদের প্রাপ্য অংশ প্রদান, প্রতি বছর রোজাদারদের খাবারের ব্যবস্থা এবং সরকারি কর ও ওয়াক্ফ প্রশাসনের নির্ধারিত ট্যাক্স পরিশোধ যথাযথভাবে করা হয়নি। তাদের অভিযোগের প্রেক্ষিতে আগের মোতওয়াল্লী নিয়োগ বাতিল করা হয়।
এ সময় উপস্থিত সকলে নবনিযুক্ত মোতাওয়াল্লী মো. ফায়সাল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান এবং তার দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে দীর্ঘদিনের জটিলতা ও অনিয়মের অবসান ঘটিয়ে হাজী জামাতুল্যা ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি ও আয় দলিলের শর্ত, আইন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ, সুষ্ঠু ও জবাবদিহিমূলকভাবে পরিচালিত হবেএমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ওয়ারিশ ও মুসল্লিবৃন্দ।
