×

ডিবি সেজে প্রতারণার ফাঁদ, খানসামায় আটক ২

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ওয়্যারলেস সেট, মোবাইল ফোন, ব্যাংকের চেক, এটিএম কার্ড, মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
আজ রোববার দুপুরে আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন ঠাকুরগাঁও সদর থানার গোয়ালপাড়া পূর্ব (শান্তিনগর) এলাকার মো. নুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সরকার (৪৮) এবং একই থানার বাংরোট এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে মানিক হোসেন (৪৬)।
থানা পুলিশ জানায়, শনিবার (২২ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া এলাকার চেয়ারম্যানপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে ওই দুইজনকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে দুটি কালো রঙের বাওফেং BF-888S মডেলের ওয়্যারলেস সেট, একটি রিয়েলমি C67 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া ৩০ হাজার টাকা উল্লেখ ও স্বাক্ষর করা প্রিমিয়ার ব্যাংকের একটি চেক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।
এ ছাড়া একটি কালো রঙের ম্যাক্স ব্র্যান্ডের স্কুলব্যাগ এবং কালো-লাল রঙের নিবন্ধনবিহীন পালসার ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাছেত সরকার বলেন, “এই অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।