×

দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি
ইয়াসমিন হত্যা দিবস উপলক্ষে দিনাজপুর প্রেস ক্লাবের সম্মুখ সড়কে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী নারী ও কন্যার ওপর চলমান সকল প্রকার ধর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
আজ সোমবার বিকেলে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, শুধু ইয়াসমিন নয়, বর্তমানে প্রতিদিন প্রতি মুহূর্তে শত শত নারী ও কন্যা শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। নারী ও কন্যার প্রতি সহিংসতাকে একটি বৈশ্বিক ইস্যু হিসেবে উল্লেখ করে তারা বলেন, এই সহিংসতা বন্ধ না হলে মানবাধিকার অর্জন অসম্ভব। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নারী ও শিশু ধর্ষণের অন্যতম প্রধান কারণ বিচারহীনতার সংস্কৃতি। ধর্ষক ও হত্যাকারীরা রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে এবং আইনের ফাঁকে জামিনও হচ্ছে। একটি বৈষম্যহীন ও সমতাপূর্ণ রাষ্ট্র গড়তে হলে নারী ও কন্যার প্রতি সব ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে এবং এজন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। আন্দোলনমুখী সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানানো হয় যেন জঙ্গি ও মাদকের মতোই ধর্ষণকারী এবং নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয় এবং দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মিনতি ঘোষের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক রুবিনা আকতারের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দিনাজপুর জেলা শাখার সম্মানিত সদস্য কানিজ রহমান। কর্মসূচিতে আরও সংহতি প্রকাশ করেন জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু, রত্না মিত্র, সুমিত্র বেসরা, অর্থ সম্পাদক শাহানাজ পারভীন, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক সাবিহা খাতুন, সদস্য জেসমিন আরা ও কবিজান প্রমুখ।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।