

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধভাবে সার মজুতের দায়ে এক সাবেক ইউপি চেয়ারম্যানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর গোডাউন থেকে বিভিন্ন ধরনের ৭২ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর মন্দুয়ার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন জানান, উত্তর মন্দুয়ার এলাকায় অবৈধভাবে সার মজুতের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত সার মজুতের দায়ে সাবেক ইউপি চেয়ারম্যান শাহিন সরকারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁর গোডাউন থেকে ৭২ বস্তা সার উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা সারের মধ্যে রয়েছে—ইউরিয়া ১৩ বস্তা, জিপসাম ২৮ বস্তা, ডিএপি ১৬ বস্তা, টিএসপি ১৩ বস্তা এবং পটাশ ২ বস্তা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য বলেন, চলতি আমন মৌসুমে কৃষকদের চাহিদার সুযোগ নিয়ে কেউ যাতে অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কৃষি বিভাগ সতর্ক রয়েছে। সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার পৌঁছানো নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন বলেন, কিছু অসাধু ব্যক্তি সার অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরির পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির চেষ্টা করছে। কৃষকদের স্বার্থে এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
