×

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য দায়িত্বহীন: আনু মুহাম্মদ

নিজস্ব প্রতিবেদক
তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ অর্থমন্ত্রীর বক্তব্য বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করে বলেন, এটি দায়িত্বহীন বক্তব্য। কারণ ২০০৬ সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন গণঅভ্যুত্থান হয়েছিল। সেই গণঅভ্যুত্থানের পরে জনগণের দাবি ন্যায্যতা মেনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার জনগণের সাথে চুক্তি করেছিলেন। এই চুক্তির ঐতিহাসিক মূল্য অসীম।
দিনাজপুরের ফুুলবাড়ী ট্র্যাজেডি দিবস উপলক্ষে আজ বুধবার দুপুরে ফুলবাড়ী নিমতলা মোড়ে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষা কমিটি ফুলবাড়ী শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র যখন প্রধানমন্ত্রী তখন এই চুক্তি ভঙ্গ করে উত্তরবঙ্গ ধ্বংস করে, পানি সম্পদ, আমাদের জমি, ঘনবসতি ধ্বংস করে, আবারও সেই কয়লার দিকে তাদের নজর। ফুলবাড়ীর দিকে তাকালে কয়লা ছাড়া তারা কিছুই দেখেনা। কোম্পানি এবং কোম্পানির সহযোগীরা তাদের মুনাফার জন্য দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়। এই অঞ্চলের মানুষ ও সারা বাংলাদেশের মানুষ এটা কোনভাবেই গ্রহণ করবে না।
তিনি আরও বলেন, বিএনপি সরকার এই পথে অগ্রসর হলে জনগণ দ্বারা প্রত্যাখ্যান হবে। অবিলম্বে অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করা এবং ফুলবাড়ীবাসীর সাথে ৬ দফা চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানান তিনি। না হলে এ বছরের মধ্যেই অনেকগুলো কর্মসূচি গ্রহণ করা হবে। এর আগে সকালে কালো ব্যাচ ধারন, শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, শোক র‌্যালী ও আলোচনা সভার মাধ্যদিয়ে ফুলবাড়ী ট্রাজেডি দিবস পালন করা হয়েছে। এদিকে দিবসটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন সংগঠনের ব্যানারে খন্ডখন্ড মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে।
সকালে ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মাহমুদ আলম লিটন এর নেতৃত্বে সম্মিলিত নাগরিক সমাজ এর ব্যানারে শোক র‌্যালী শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। অপরদিকে সাবেক মেয়র মর্তুজা সরকার মানিকের নেতৃত্বে ফুলবাড়ীবাসী ব্যানারে শোক র‌্যালী ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। সেখানে ফুলবাড়ী রক্ষার জন্য শপথ বাক্য পাঠ করান।
এরপর তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতৃবৃন্দ শোক র‌্যালী শেষে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করে। পরে দুপুরে খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে ফুলবাড়ী নিমতলা মোড় এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় গণফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক টিপু বিশ্বাস, সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগ এর কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মোশাররফ হোসেন নান্নু, সাম্যবাদী আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির সদস্য মনজুর আলম মিঠু, ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হারুন উর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা, জাতীয় গণফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল ইসলাম সবুজ, তেল গ্যাস কমিটির সদস্য নুরুজ্জামান, হামিদুল ইসলাম, সনজিত জিতু প্রমুখ।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।