

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
বিরল পৌরশহরে এক শ্বশুর কর্তৃক পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত শ্বশুর মো. আব্দুস সাত্তার (৬১) কে শুক্রবার রাতে নিজ এলাকা থেকে আটক করেছে পুলিশ।
আটককৃত আব্দুস সাত্তার পৌরশহরের শংকরপুর (ডাঙ্গাপাড়া) এলাকার মৃত ফজলুর রহমান এর ছেলে।
ভূক্তভোগী গৃহবধূ এজাহারে জানান, তাঁর স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী। বিয়ের মাত্র এক মাস পর থেকেই শ্বশুর কু-নজর দিতে শুরু করেন এবং বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতেন। শ্বশুরের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় আনুমানিক চার মাস আগে একদিন এবং পরবর্তীতে আরও দুই দিন তাঁকে ধর্ষণ করে শ্বশুর। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুলাই ২০২৬ তারিখে রাতে খাবার শেষে গৃহবধূ তাঁর স্বামীর ঘরে ঘুমাতে গেলে রাত আনুমানিক ১১টায় শ্বশুর পূণরায় ভূক্তভোগীর শয়ন কক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনায় ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নিজে বাদী হয়ে বিরল থানায় মামলা দায়ের করেছেন, যার মামলা নং ০৩।
ভূক্তভোগীর অভিযোগ ও ঘটনার বিবরণে মামলা রুজুর পর বিরল থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুর আব্দুস সাত্তারকে তার নিজ এলাকা থেকে আটক করে।
বিরল থানার অফিসার ইনচার্জ মো. আল এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, ভিকটিমের ডাক্তারী পরীক্ষা ও আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।
