×

প্রতিমন্ত্রী আব্দুল বারীর সুস্থতা কামনায় আক্কেলপুরে বিশেষ মোনাজাত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর দ্রুত সুস্থতা কামনায় জয়পুরহাটের আক্কেলপুরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মদিনাতুল উলুম হাফেজিয়া কওমি মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে এ মোনাজাতের আয়োজন করেন আক্কেলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জুলফিকার আলী শ্যামল।
আজ সোমবার জোহরের নামাজের পর মদিনাতুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত মোনাজাতে প্রতিমন্ত্রী আব্দুল বারী ও স্ত্রী নাজমা আরা বারী’র দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে দুর্ঘটনায় নিহত শ্রবণপ্রতিবন্ধী নারী ফিরোজা বেগমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
মোনাজাতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেন। এ সময় প্রতিমন্ত্রী আব্দুল বারীর জন্য মহান আল্লাহর কাছে দ্রুত আরোগ্য প্রার্থনা করেন জুলফিকার আলী শ্যামল। পাশাপাশি দুর্ঘটনায় নিহত নারীর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে সরকারি সফরে জয়পুরহাটের কালাই উপজেলায় যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় দুর্ঘটনার শিকার হন প্রতিমন্ত্রী আব্দুল বারী। প্রতিমন্ত্রীর গাড়ির সামনে হঠাৎ এক শ্রবণপ্রতিবন্ধী নারী চলে এলে তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান।
পরে গাড়িটি সড়কের পাশের ধানখেতে নেমে যায়। এ ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তাঁর স্ত্রী আহত হন। প্রতিমন্ত্রীর পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে পরে তাঁদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য প্রতিমন্ত্রীকে ঢাকায় নেওয়া হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর প্রতিমন্ত্রী আব্দুল বারীর সুস্থতা কামনায় স্থানীয়ভাবে বিভিন্নভাবে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে শ্যামলের উদ্যোগে এ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।