

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে শ্রীমতি রাধারাণীর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে ২দিনব্যাপী রাধা অষ্টমী মহোৎসব ২০২৬ পালিত হয়েছে। আয়োজিত শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ কীর্তনে কয়েক হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
উপজেলার রাজারামপুরে গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্টিজ চত্বরে শনিবার শুরু হওয়া রাধাষ্টমী মহোৎসব আজ রোববার বিকেলে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ কীর্তনের মধ্যদিয়ে শেষ হয়।
গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত ও ইন্ডাষ্ট্রিজের এমডি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারন সম্পাদক আনন্দ কুমার গুপ্ত এর পৃষ্ঠপোষকতায় এই মহোৎসব পালিত হয়।
এতে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ কীর্তন পরিচালনা করেন শ্রী শ্রী ১০৮ হরিশচন্দ্র দাস গোস্বামী। এসময় কৃত্যনিয়া শুভ্রদীপ কৃষ্ণ দাস, রিপন দাস, নকুল দাস রাধা কীর্তন পরিবেশন করেন।
এতে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী প্রায় ৪ হাজার ভক্তবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানকে আনন্দমুখর করে তোলে।
অনুষ্ঠানের আয়োজক গুপ্তা প্লাইউডের চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত বলেন, আমরা প্রতিবছর রাধারাণীর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে রাধাষ্টমী ও শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ কীর্তনের আয়োজন করে থাকি। এবারের আয়োজনে ভক্তের উপস্থিতি অনেক বেশি লক্ষ্য করা যায়। এভাবেই একদিন রাধারাণীর প্রেমময় পৃথিবী গড়ে উঠবে।
