×

শতবর্ষী যে মেলায় পুরুষদের ঢুকতে মানা, ক্রেতা শুধু নারী!

নিজস্ব প্রতিবেদক
রেশমি চুড়ি, আলতা, চিরুনি, হাঁড়ি-পাতিল, খুন্তি-কড়াই, পানের বাটা, খেলনা, মিষ্টান্নসহ কী নেই এখানে। হরেক রকম পণ্যের পসরা মেলা চত্বরে। ক্রেতা-দর্শনার্থীদের সবাই নারী। দোকানদার ছাড়া সেখানে কোনো পুরুষ সদস্যের ঢোকার অনুমতি নেই।
দিনাজপুরের ফুলবাড়ীতে শত বছরের ঐতিহ্যবাহী বউমেলা অনুষ্ঠিত। তবে অন্যান্য মেলার চেয়ে এটি কিছুটা ভিন্ন। এই মেলায় ক্রেতা-দর্শনার্থী কেবল নারীরাই। পুরুষ ক্রেতাদের মেলায় প্রবেশ নিষিদ্ধ। এ কারণে এর নামকরণ হয়েছে ‘বউ মেলা’।
আজ সোমবার ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামে সর্বজনীন দুর্গামন্দির চত্বরে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।
জানা গেছে, প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্ণীপূজা উপলক্ষে পূজার পরের দিন এই মেলার আয়োজন করা হয়। দিনব্যাপী এ মেলায় নারী বিক্রেতার পাশাপাশি পুরুষ বিক্রেতা থাকতে পারেন। তবে এ মেলায় শুধু নারীরাই কেনাকাটা করতে পারেন। মেলায় পুরুষ ক্রেতাদের প্রবেশাধিকার নিষিদ্ধ। এ জন্যই মেলার নামকরণ হয়েছে বউমেলা। শুধু সনাতন ধর্মাবলম্বীরা নয়, সব ধর্মের নারীরা এই মেলায় আসেন।

সকাল থেকে চলে মেলার প্রস্তুতি। দুপুর গড়িয়ে বিকেল হতেই মেলায় শিশু থেকে শুরু করে নানা বয়সের নারী ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনা বাড়তে থাকে। মেলাজুড়ে শামিয়ানা টানিয়ে নানা রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। মেয়েদের প্রসাধনী, ছোটদের খেলনাসামগ্রী, হস্তশিল্প, মৃৎশিল্প আর গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ রকমারি মুখরোচক খাবারের দোকানগুলোয় ক্রেতাদের ভিড় লেগে থাকে।
মেলায় কেনাকাটা করতে আসা তাপসি রানী ও অর্পনা রায় জানান, এ মেলায় শুধু নারীরাই ক্রেতা। রয়েছেন অনেক নারী বিক্রেতাও। তাই তাঁরা মেলায় স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরি ও কেনাকাটা করতে পারেন। এ যেন অন্য রকম আনন্দ।
মেলার আয়োজক সুজাপুর সর্বজনীন দুর্গামন্দির পরিচালনা কমিটির সভাপতি অশেষ রঞ্জন দাস বলেন, লক্ষ্ণীপূজা উপলক্ষে প্রতিবছর তার বাড়ীর খুলিতে এই বউমেলার আয়োজন করা হয়। শত বছর আগে স্থানীয় জমিদার বিমল বাবু এই মেলা শুরু করেন,এরপর থেকে ৬৩ বছর ধরে বংশপরমপারায় এই বউমেলার আয়োজন করা হচ্ছে। এই মেলা শুধু নারীদের জন্য এবং এখানে পুরুষের প্রবেশ নিষেধ। তবে মেলা শেষ হওয়ার পর সন্ধ্যা ৭টার পর থেকে পুরুষেরা প্রবেশ করতে পারেন। মেলার নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক দিয়ে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়।