×

৬ মাস পর কাঁচামরিচ আমদানি শুরু

হিলি প্রতিনিধি

ছয় মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ভারত থেকে কাঁচামরিচ বোঝাই একটি ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক বলেন, মেসার্স আশা বাণিজ্যালয় নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৯ টন ৮৪০ কেজি কাঁচামরিচ আমদানি করেছে। বর্তমানে মরিচ বোঝাই ট্রাকটি বন্দর অভ্যন্তরে অবস্থান করছে। কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে ছাড়করণ করা হবে।

মেসার্স আশা বাণিজ্যালয়ের মালিক মো. বাবুল শেখ বলেন, দেশের বাজারে কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় হিলি বন্দরের কয়েকজন আমদানিকারক কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেন। মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর হিলি বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হলো।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগ নিরোধ কেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মো. ইউসুফ আলী বলেন, সবশেষে গত বছরের ২৩ নভেম্বর হিলি বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হয়। এরপর ছয় মাস কাঁচামরিচ আমদানি বন্ধ ছিল। হিলি বন্দরের কয়েকজন আমদানিকারক ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি চেয়ে কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেন। এ পর্যন্ত আটজন আমদানিকারক ৩ হাজার ৫০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।