

হিলি প্রতিনিধি
মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আজ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো বলে জানান কর্তৃপক্ষ।
আজ রবিবার সকাল ১১টায় ভারতীয় একটি পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। বিষয়টি সকালে নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৯শে মার্চ থেকে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। টানা ৯দিন ছুটি শেষে আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারো দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে শুরু হয়েছে। ভারত থেকে চাল, ডাল, মসলা জাতীয় পণ্যসহ নানা পণ্য আমদানি হচ্ছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ ওসি মো. আরিফুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ ছিলো। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো বলে জানান তিনি।
