

নিজস্ব প্রতিবদেক
অমল চন্দ্র (৮৫)। বয়সের ভারে ন্যুজ হয়ে পড়েছে। নেই মাথা গুজবার ঠাঁই। তাই থাকেন অন্যের জায়গায় চালা দিয়ে। এই বয়সেও মাঠ থেকে ঘাষ সংগ্রহ করে জিবিকা নির্বাহ করেন। এই পেশা তার নতুন নয়। তার কথায় মুক্তিযুদ্ধের সময় চারদিকে মুক্তিকামী মানুষের হাহাকার অবস্থা। সেই সময় পাক হানাদার বাহিনী সব কিছু ধ্বংস করে দিয়েছে, পুরো এলাকা বিধ্বস্ত। অনাহারে অর্ধাহারে দিশেহারা মানুষসহ গবাদি পশুরা। কোথাও কোন কাজ নাই, খাবারের অভাব। উপায় না পেয়ে মাঠে ঘাস তুলে সেই ঘাস ফেরি করে বাড়ি বাড়ি বিক্রি করে বাবা মায়ের মুখে খাবার তুলে দিয়েছেন। সেই থেকেই ঘাষ বিক্রি করেই চলছে তার।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের পূর্ব রাজারামপুর (মাছুয়া পাড়া) গ্রামের বাসিন্দা অমল চন্দ্র দাস (৮৫)। ৫৩ বছর থেকে ঘাস বেচেই সংসার চলে তার। প্রতিদিন ভোরে না খেয়েই কাঁধে ভার বাঙ্কুকা ও একটি পাসুন হাতে (লোহার তৈরী ঘাস তোলা দেশি হাতিয়ার) নিয়ে মাঠে ঘাস তুলতে যান। সাথে কিছু শুকনো খাবার আর এক বোতল পানি নেন। বেলা বাড়ার পর একটুখানি জিরিয়ে নিয়ে সেই খাবার (বিস্কুট অথবা মুড়ি) খেয়ে পানিপান করেন। দুপুরেও একই খাবার খেয়ে নিজ মনে কাজ করতে থাকেন। সারাদিন মাঠে ঘাস তুলে বিকেলে সেই ঘাস পুকুরের পানিতে ধুয়ে ভারে করে ফেরি করে বাড়ি বাড়ি বিক্রি করেন তিনি। দুপুরে কেবল একমুঠো শুকনো খাবার ও পানি খেয়েই দিন কাটে তার। কোন কোন দিন তাও জোটেনা। ঝড়বৃষ্টি কিংবা প্রখর রোদেও থেমে থাকে তার ঘাস তোলা। অসুস্থতার কারনে যদি কোন দিন ঘাস তুলতে না পারেন, সেই দিন চুলায় আগুন জ¦লেনা অমল দাসের,কারন পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যাক্তি তিনি।
সরেজমিনে সোমবার দুপুরে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গ্রামের ইটভাটার পরিত্যক্ত জমি থেকে ঘাস তুলতে দেখা যায় অমল চন্দ্র দাসকে। ঝড়বৃষ্টির মধ্যেই ঘাস তুলছেন অমল দাস। বয়সের ভারে নুয়ে পড়ছে শরীর, চামড়ায় ভাজ পড়েছে তবুও কাজের প্রতি একটু অনিহা নেই তার। কথা হয় দেশ মা’র সাথে।
জানতে চাইলে ভেজা শরীর মুছতে মুছতে গাছের গোড়ায় বসে শরীর এলিয়ে দিয়ে অমল দাস বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় চরম খাদ্য সংকটে পড়েছিলাম। সেই সময় খাবারের অভাব ছিল, কিছু ত্রাণ পাওয়া যেত সেটুকুতেও চলতোনা। অবলা গবাদি পশুগুলোও না খেয়ে কষ্ট করত। ওই সময় কোন কাজকর্ম ছিলনা। তখন যুবক বয়স কি করবো ভেবে পাচ্ছিলাম না, জীবিকার তাগিদে ঘাস তুলে বিক্রি করতে লাগলাম। পরবর্তীতে এটাই আমার পেশা হয়ে যায়, তা দিয়েই এখন সংসার চলে। তিনি বলেন, প্রতিদিন ভোর থেকে শুরু করে বিকেল পর্যন্ত সারাদিন ঘাস তুলে পুকুরের জলে ধুয়ে পরিষ্কার করে ফুলবাড়ী বাজারে নির্দিষ্ট কিছু বাড়িতে ঘাস বিক্রি করি। প্রতি ডালি ঘাস ২০টাকা হিসেবে বিক্রি করে ২০০–২৫০ টাকা পাই তা দিয়ে কনো রকমে জীবন চলে। সংসারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে থাকলেও মেয়ের বিয়ে দিয়েছি। একমাত্র ছেলে বউ নিয়ে আলাদা সংসার করে। সেও দিন মজুরের কাজ করে, অন্যের জায়গায় চালা দিয়ে ঘর বানিয়ে থাকে।
আক্ষেপ করে তিনি বলেন, আগের মত তেমন আর পরিত্যক্ত জমি নেই এখন। খুব একটা ঘাসও পাওয়া যায় না, ফসলি জমির আইল, ইটভাটার পরিত্যক্ত জমি, পুকুর পাড় ও নদীর পাড়সহ বিভিন্ন জায়গা থেকে ঘাস সগ্রহ করে বিক্রি করি। ঘাস বিক্রির টাকা দিয়ে কোন রকমে অর্ধাহারে অনাহারে দিন কাটে আমাদের। এই বয়সে অন্য কোন কাজ করারও সামর্থ্য নাই। নিজের কোন বাড়িও নাই,অন্যের জমিতে কোন রকমে ছাপড়া দিয়ে স্বামী–স্ত্রী সেখানে থাকি।
স্থানীয় বাসিন্দা রসিক চন্দ্র রায় বলেন, ছোট বেলা থেকে দেখছি অমল দা ঘাস তুলে বাজারে বিক্রি করে সংসার চালায়। আর্থিক ভাবে অসচ্ছল হলেও অমল দাস কারো কাছে হাত পাতেননা। কঠোর পরিশ্রম করে জরাজীর্ণ ভাবে বেঁচে আছেন।
একই এলাকার জাহাঙ্গীর আলম বলেন, অমল দাসের পেশাটি একটি ব্যতিক্রমী পেশা। দির্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে সংসার চালান তিনি। এই সময়ে অনেক কিছু পরিবর্তন হলেও অমল দাসের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। বিত্তবানদের উচিৎ এমন অসহায় ও নিরীহ মানুষের পাশে দাঁড়ানো।
শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামেদুল ইসলাম, অমল দাসের বিষয়টি আমার জানা নেই তবে তার বিষয়ে খোজ নিয়ে ইউএনও সারের সাথে কথা বলে তার জন্য কিছু করবো। যদি বয়স্কভাতা না পেলে ভাত কার্ডের ব্যাবস্থা করা সহ বাড়ীর বিষয়টিও দেখবো।
