বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

পঞ্চগড় প্রতিনিধি
ব্যাংকিং লেনদেনে ঝুঁকি কমানো ও স্বল্প সময়ে নিরাপদ সেবা নিশ্চিত করতে পঞ্চগড়ে তিনদিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু করেছে পূবালী ব্যাংক লিমিটেড।
‘ক্যাশলেস লেনদেন—এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে শহরের সিনেমা হল মার্কেট চত্বরে উদ্বোধন করা হয়েছে একটি ক্যাশলেস বুথ। আজ মঙ্গলবার দুপুরে ফিতা কেটে বুথটির উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের রংপুর অঞ্চলের প্রধান মোহাম্মদ আলতাব হোসেন, পঞ্চগড় শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম, পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি শরিফ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিকসহ স্থানীয় ব্যবসায়ী ও সুধীজন।
উদ্বোধনের আগে শহরের সিনেমা হল সড়ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উদ্বোধনস্থলে গিয়ে শেষ হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ক্যাশলেস লেনদেনের সুবিধা ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
পূবালী ব্যাংকের রংপুর অঞ্চলের প্রধান মোহাম্মদ আলতাব হোসেন জানান, এই ক্যাম্পেইনের আওতায় আগামী তিনদিন আগ্রহীরা বিনামূল্যে ব্যাংক হিসাব খুলতে পারবেন। পাশাপাশি দেওয়া হবে ফ্রি ডেবিট কার্ড এবং কিউআর কোডের মাধ্যমে দ্রুত লেনদেনের সুবিধা। এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাংকে না গিয়েই বিভিন্ন সেবা গ্রহণ করা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ সহজ ও নিরাপদ ব্যাংকিং নিশ্চিত করবে এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS