বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের আলোচনা সভা ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৩টায় ফুলবাড়ী আসাত স্মৃতিস্তম্ভে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জনসংহতি আন্দোলনের সংগঠক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক মাহমুদ হাসান বাবু, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোত্তালিব পাপ্পু, সদস্য মেরাজ হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব হৃদয় হাসান স্বাধীন, রায়হান মাসুম প্রমুখ।
বক্তারা বলেন, ২০০২ সালে প্রতিষ্ঠিত গণসংহতি আন্দোলনের জনগণের স্বার্থের বাইরে নিজস্ব কোন স্বার্থ নেই। প্রতিষ্ঠার পর থেকে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লড়াই জারী রেখেছে সংগঠনটি। আগামী দিনেও সকল গণতান্ত্রিক আন্দোলনে গণসংহতি আন্দোলন নিজ দায়িত্বে লড়াই করে যাবে।
ভারপ্রাপ্ত সদস্য সচিব মোত্তালিব পাপ্পু বলেন, বিচার-সংস্কার ও নির্বাচন একসাথে চলতে হবে এবং বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, অধিকার ও মর্যাদার বাংলাদেশ গড়তে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠাই হবে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা।
এরপর ফুলবাড়ী গণ আন্দোলনে শহিদ আমিন, সালেকিন ও তরিকুলের স্মৃতিস্তম্ভে কৃষ্ণচুড়া গাছ রোপণের মধ্যদিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This