

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে বিসর্জন ঘাট পরিদর্শন করেছেন ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন ও ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্তা।
আজ মঙ্গলবার দুপুরে ফুলবাড়ী সরকারি কলেজের পাশে ছোট যমুনা নদীর তীরে অবস্থিত প্রতিমা বিসর্জনস্থল পরিদর্শন করেন তাঁরা। এ সময় বিসর্জন ঘাটের সংস্কারকাজের অগ্রগতি ও সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন।
আগামীকাল বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি হবে। এ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে ও পুজা উদযাপন পরিষদের সহযোগিতায় বিসর্জন ঘাট সংস্কার ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্তা বলেন, পৌর এলাকার ১৫টি পূজামণ্ডপের প্রতিমা এই ঘাটে বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের সময় যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে ঘাটের সংস্কারসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে।
ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিবছর পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবারও বিসর্জন ঘাটের সংস্কারকাজ করা হয়েছে। আশা করছি, প্রতিমা বিসর্জনে কোনো ধরনের সমস্যা হবে না।
