×

শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা, ফুলবাড়ীর ১৫ মণ্ডপে সাবেক মেয়র লিটনের অনুদান

নিজস্ব প্রতিবেদক
ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর দেবী দুর্গার আরাধনায় মুখর দিনাজপুরের ফুলবাড়ী। শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন এই পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের পাশে দাঁড়িয়েছেন ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মাহমুদ আলম লিটন। ব্যক্তিগত উদ্যোগে পৌর এলাকার ১৫টি দুর্গাপূজা মণ্ডপে অনুদান বিতরণ করেছেন তিনি।
আজ মঙ্গলবার (মহানবমী) সন্ধ্যায় পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সাবেক এই মেয়র। এ সময় মণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের হাতে অনুদান তুলে দেন তিনি। উৎসবের আমেজের মধ্যে তাঁর এ উদ্যোগকে ঘিরে মণ্ডপগুলোতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
অনুদান বিতরণকালে তার সাথে উপস্থিত ছিলেন মাদিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ, ব্যবসায়ী মোকলেছার রহমান নবাব, আবুল হাসান, সাইদুর রহমান, আশরাফুল ইসলাম মুরাদ, মিনার হোসেন মিন্নু, চিকিৎসক উৎপল সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সমীর পাল, রুবেল হোসেন, সাবেক ছাত্রনেতা এনামুল হক, সুশান্ত ও কামাল হোসেন টুটুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসব উপলক্ষে আমি প্রতিবছর ব্যক্তিগত উদ্যোগে পৌর এলাকার পূজামণ্ডপগুলোতে অনুদান দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় এবারও ১৫টি পূজামণ্ডপে অনুদান বিতরণ করেছি।

ধর্মীয় উৎসবকে ঘিরে ফুলবাড়ীতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যরে যে আবহ তৈরি হয়েছে, এ ধরনের উদ্যোগ তাতে সহযোগিতার মনোভাবকে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন স্থানীয়রা।