সরকারী খাস জমি দখল ও বিক্রির প্রতিবাদে পীরগঞ্জে হাজারো নারী-পুরুষের মানববন্ধন


পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে জোর পূর্বক ১৪৬ একর সরকারি খাস জমি দখল করে বিক্রি, ভূয়া কাগজপত্রমুলে সরকারি জমির সম্পাদনকৃত দলিল বাতিল, সরকারি জমি বন্দোবস্ত ও জড়িত দলিল লেখক, তহশীলদার এবং সাব-রেজিষ্টারের শাস্তির দাবীতে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, রংপুর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য, পীরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা নুরুল আমিন, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ, স্থানীয় বাসিন্দা সাংবাদিক মিনহাজুল ইসলাম মিলন, বড়আলমপুর ইউপি’র মহিলা সদস্য ফাতেমা বেগম, মাহফুজার রহমান মাফুসহ অনেকে ।
জানা গেছে, পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়নে প্রায় ১৪৬.১৫ একর জমিদার শৈলেন্দ্র নাথের জমি রয়েছে। যা বর্তমানে সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত। এসব জমি বড় আলমপুরসহ পার্শ্ববর্তী গ্রামের লোকজন মিলেমিশে শান্তিপূর্ণ ভাবে অর্ধশত বছর ধরে ভোগদখল করে আসছে। সাম্প্রতিক সময়ে বড় আলমপুর মৌজার মৃত. সোলেমান মিয়ার ছেলে আবু তাহের মিয়া ও তার লোকজন অবৈধ ভাবে দখল নিয়ে ভূয়া কাগজ পত্র দিয়ে দলিল সম্পাদনের পর বিভিন্ন জনের নিকট বিক্রি করছেন। এলাকাবাসীরা দাবী করেন, ১২৭ সিএস খতিয়ানে জমিদার শৈলেন্দ্র নাথ গং, ৪২৮ এসএ খতিয়ানেসহ বর্তমান মাঠ জরিপ রেকর্ডে বড় আলমপুর মৌজায় মারোয়ারি মৃত হিরালাল ওসোয়ালের ছেলে জোত্তরী মল ওসোয়ালের ১৪৬.১৫ একর জমি সরকারি কাগজে অর্পিত সম্মত্তি। অথচ আবু তাহের গংরা জমি মালিকানা দাবিতে দখলে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি ও জমি বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রি করে আসছে। সুষ্ঠু তদন্ত করলে থলের বিড়াল বেড়িয়ে আসবে।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বড় আলমপুর মৌজায় অসংখ্য ভূমিহীন ব্যাক্তি রয়েছে। যাদের চাষাবাদ বা বাড়ি করার মত কোন জমি নেই। এসব খাস জমি ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দিলে চাষাবাদের মাধ্যমে কয়েক’শ পরিবার উপকৃত হবে। সরকারি খাস খতিয়ান ভুক্ত জমি গুলো অবৈধ দখলমুক্ত করে ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেয়ার জন্য জন্য সরকারের কাছে জোর দাবী জানানো হয় ।
