বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে নদী থেকে সুইপারের অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা নদী থেকে কৃষ্ণ বাশফোর (৫০) নামে হরিজন সম্প্রদায়ের (সুইপার) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ সোমবার বেলা ১১ টায় পৌর এলাকার দক্ষিণ সুজাপুর এলাকার ছোট যমুনা নদী থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
কৃষ্ণ বাশফোর পৌর শহরের সুজাপুর হরিজন পল্লীর মৃত নিশুয়া বাশফোর এর ছেলে। তিনি পেশায় বিরামপুর উপজেলা পরিষদের একজন ঝাড়ুদার ছিলেন। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।
পুলিশ ও পরিবার সূত্রে জানাগেছে, গত শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়ি থেকে বের হয় কৃষ্ণ বাশফোর, এর পর আর বাড়ি ফেরেননি তিনি। বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। আজ সোমবার সকালে স্থানীয় লোকজন নদীতে মরদেহ পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন সেখানে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুলসহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
কৃষ্ণ বাশফোর এর স্ত্রী গীতা রানী বাশফোর জানান, গত শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়ি থেকে বের হয় কৃষ্ণ বাশফোর, এর পর আর বাড়ি ফেরেননি তিনি। তার স্বামী একজন মৃগী রোগী ছিলেন, পানি দেখলে ভয় পেতেন। এছাড়া তিনি সবসময় অত্যাধিক মদ্যপান করতেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, খবর পেয়ে নদী থেকে হরিজন সম্প্রদায়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This