বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইংরেজিতে ভীতি দূর করতে বিরলে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
ইংরেজি শিক্ষায় ভীতি দূর এবং ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের অধিক আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষে দিনাজপুরের ‘বিরলে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় উপজেলার ৩৫টি স্কুলের ১০৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এসময় বিভিন্ন স্কুলের ৪০ জন শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আরিফ ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি চেয়ারম্যান বিশ্বনাথ রায়, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মো. আরমান ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। নতুন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় ইংরেজিতে দক্ষতা বাড়াতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শেখার মনোভাব দৃঢ় ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। যা নতুন প্রজন্মকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখতে হবে। একজন ভালো শিক্ষকের ছাত্র অবশ্যই দক্ষ ও যোগ্য হয়ে উঠবে। এক্ষেত্রে শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্যদেরও ভূমিকা রাখতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This