বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে নিখোঁজ যুবকের মস্তক বিহিন দ্বি-খন্ডিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে নিখোঁজের দুইদিন পর সাব্বির হোসেন সবুজ (৩০) নামে এক যুবকের মস্তক বিহিন দ্বি-খন্ডিত মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত (পোনে ৬টায়) মাথার খোজে ঘটনাস্থলে রয়েছেন পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি ধান খেতের ডোবা থেকে দ্বি-খন্ডিত মরদেহটি উদ্ধার করা হলেও মাথাটি পাওয়া যায়নি। নিখোঁজ সাব্বির হোসেন সবুজ ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত ইবনে সাউদ সরকার এর ছেলে। পরিবারের লোকজন মরদেহের শরীরের একটি বিশেষ চিহ্ন দেখে মরদেহটি সাব্বির হোসেন সবুজের বলে পরিচয় সনাক্ত করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।
জানা যায়, রশিদপুর গ্রামের একটি ধান খেতের ডোবায় একটি মস্তক বিহিন খন্ডিত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে থানা পুলিশ বুধবারের জিডি সূত্র ধরে সবুজের পরিবারের লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজন মরদেহের শরীরের একটি বিশেষ চিহ্ন দেখে মরদেহটি সাব্বির হোসেন সবুজের বলে পরিচয় সনাক্ত করে।
এর আগে, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিজ বাড়ী থেকে আটপুকুরহাট ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি বের হয়ে যায় সবুজ। তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। পরবর্তীতে বাড়ির লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাননি। পরে তার পরিবারের লোকজন গত বুধবার (২৪ সেপ্টেম্বর) ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সবুজের ছোট ভাই সাদেক হাসান সজিব জানান, তার বড় ভাই সবুজ বাড়ির কাজ শেষে লোন গ্রহণের জন্য স্থানীয় আটপুকুরহাট কৃষি ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু দিন শেষে রাত অবধি সবুজ বাড়ি ফিরে না এলে তাকে খোঁজা শুরু করেন বাড়ির লোকজন। তবে সজিব গ্রামবাসীর কাছে জানতে পারেন অপরিচিত এক ব্যক্তির মোটরসাইকেলে চড়ে মঙ্গলবার গ্রাম ছাড়েন সবুজ। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। সবুজের ছোট ভাই সজিব আরও বলেন আমরা ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তার ভাই মঙ্গলবার ব্যাংকে আসেননি। তিনি আরও জানান আমি নিশ্চিত উদ্ধারকৃত মরদেহটি আমার বড় ভাই সাব্বির হোসেন সবুজের।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বিষয়টি নিশ্চিত করে জানান, মস্তক বিহিন গলা থেকে কোমর পর্যন্ত এবং কোমর থেকে পা পর্যন্ত দ্বি-খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মাথা উদ্ধারের কাজ চলছে এবং আমরা এখনও ঘটনাস্থলেই রয়েছি।
ওসি আরও জানান, নিখোঁজ সবুজের পরিবার গত বুধবার থানায় একটি সাধারণ ডায়রি করে। তারই প্রেক্ষিতে পরিবারের লোকজন উদ্ধারকৃত মরদেহের শরীরে বিশেষ চিহ্ন দেখে প্রাথমিকভাবে পরিচয় সনাক্ত করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This